Thursday, 16 March 2017


অসহ নিশীথ কেন অমানিশা
হয়ে নেমে আসে
ক্ষয়াটে চাঁদের ছায়া ঘন কালো মেঘ
হয়ে আকাশের কোণে ভেসে থাকে!
নিঝুম রাতের গান কোন সু্রে বাঁজে
কুয়াশা কি বোবা হরিণের মত
চলাফেরা করে,
কুয়াশা ছড়ায় কোন মায়াবিনী চাঁদ,
আবিল আঁধার কেন শিশিরের জলে
ধুয়ে ফেলে রাত,
জন্ম নেয় ভোর আকুল আবেগে,
মোহময় ছায়া ছায়া
অশরীরি বাতাসে মেশা
রুপকথা
সত্যি কোন শরতের সকালে
গৃহস্হের অঙ্গনে আলপনা হয়ে নেমে আসে।
তুলসীতলার পাশে
পাঁচালী বা ব্রতকথা পড়ে নারী,
লালপাড় শাড়িটির ভাঁজে ভাঁজে
কল্পনার সু্রে আশা বাঁধা থাকে
এমন ই দিনেই বুঝি পোষা পায়রার
ডাকে সুখগৃহ গন্ধ মাখা থাকে,
সবুজ ধানের ক্ষেত এলোমেলো
হয় মলয়প্রহারে,
ফিঙে্র দোসর
হয় ছাতারে্র দল,
দুধারে জলার মাঝে রাতচরা বালিহাঁস
শেওলায় মুখ গুঁজে থাকে,
আকাশের গায়ে একঘেয়ে বৃত্তাকারে
ঘুরে মরে চিল,
মেঘ ছুঁয়ে উড়ে যায় বুনো হাঁস
পরিযায়ী পথে,
কতকাল ভিজে মেঘ বরষাকৃপণ
ঝরে পড়ে বকুলকামিনী হয়ে
ঘাসের উপরে।

মরাই এর ধান ,ফসলের ক্ষেত,
কাকতাড়ুয়ার ম্লান মুখছবি,
উজ্জ্বল রোদের
তাপে ঘামে ভেজা শিশুদের মুখ,
মিলেমিশে শরতের আগমনীসুরে
বাঁধা প্রতিমার কাঠামোয় ঘেরা
বাংলার সুপ্রাচীন মুখ।

No comments:

Post a Comment