নবজাত:
নবজাত প্রেম কেন
কবচকুন্ডল হয়ে
আমাকে জড়ায়,
তোমার আমার মাঝে
খরস্রোতা নদী বয়ে যায়,
সহজাত সেতু আছে
অন্তর্লীণ কোথায় কোথায়,
এমন কি আছে কেউ
ঢেউ ভেঙ্গে সেতু খুঁজে দেয়?
তোমার আমার মাঝে
কতকথা বেঁচে আছে,
কত আশা মিশে আছে
কত বেদনায়,
তবুও তো দেখা হলে
চোখের তারার নীচে
আলোকবিন্দুর সাথে
কৃষ্ণগহ্বর ভাসে,
যা কিছু হৃদয়ে থাকে
সবকিছু অন্ধকারে
কেন ঠেলে দেয়?
এখন ও মেঘের পাশে
গাঙচিল ভেসে থাকে,
দূ্রগামী বুনো হাঁস
পথ যে হারায়।
সাঁকো বাঁধো
ভগীরথ,
ভাগীরথী বেগে বয়ে যায়।
পার হয়ে স্রোতস্বিনী
পার হয়ে কূলপথ
উপলখন্ডময়,
রাখবো পায়ের ছাপ
পর্ণকুটীরদ্বারে
অঙ্গনে আশায় বসে
থাকবো অনন্তবাসী
জলপাত্র নিয়ে হাতে
অঞ্জলি ভরে তুমি দাও।
প্রিয়ম্বদা !সেতু বেঁধে দাও,
বসিয়ে রেখো না আর
আশায় আশায়।
ভাগীরথী ভরে আছে
কানায় কানায়।
তোমার আমার মাঝে
খরস্রোতা অমৃতধারা
অবিরাম বয়ে চলে যায়।
No comments:
Post a Comment