শীতঘুমে শুয়ে আছি
গুহার গভীরে
ভেসে তুমি অনন্ত অম্বরে
স্বপ্নের খুব কাছে
হৃদয়ের ভিতরে ভিতরে।
শ্বাপদের দ্বিধা বাড়ে
পদচারণার ছলে
শান্তি খোঁজে
ক্ষুধার ভিতরে।
দূর কোন ছায়াপথে
তারাদল পুড়ে মরে
কৃষ্ণগহ্বর এসে টেনে নেয়
অনন্ত আঁধার এসে
ঘিরে ধরে।
কালিমায় ঢাকে আলো
ধীরে ধীরে
অতি ধীরে। ভেসে থাকে
বিস্তীর্ণ ধ্বংসের স্মৃতি
অনন্ত আকাশ জুড়ে জুড়ে।
এই ভালো শুয়ে আছি
শীতঘুমে ,গুহার গভীরে
বসন্ত এসেছে বসে
আমার শিয়রে।
No comments:
Post a Comment