Tuesday, 3 January 2017

কনিকাগুচ্ছ৬:
১:
পশ্চিমে মেঘের সাড়া
দিগন্ত দিশাহারা
কৃষ্ণ মেঘ বেগে ধায়
পুঞ্জীভূত মধুময়
ধারাপাত অবিশ্রান্ত
অবিরাম অব্যয়।
২:
পরিযায়ী পাখি সব
মেঘের উপরে ভাসে
বরফশীতল মায়া
পিছনে যে পড়ে থাকে,
উষ্ণতার হাতছানি!
জীবন এগিয়ে যায়।
এই তো যাত্রা শুরু
চলার কি শেষ হয়?
৩:
সর্পিল পাহাড়ি পথে
ফুটে যায় অভিঘাতে
অতিতীক্ষ্ন শিলামুখ
নিম্নগামী তীর্থসুখ
বিশ্বাসী আস্তিক মন
রক্তপাতে হতোদ্যম।
তীর্থস্হানে নদীপার
উন্মুক্ত স্বর্গদ্বার।
৪:
করতলে কপোল রেখে
ভাবছি যে কত কিছু,
কাজলরেখার মাঝে,
জ্বলেছে যে মদির আঁখি,
দিগন্তে রয়েছে ভেসে
স্বপনকুহেলীময়,
আপাতরহস্যে ঢাকা
পরিত্যক্ত মায়াদ্বীপ ই।
৫:
কুহকিনী মায়াজালে
আপাত ভ্রমের ফাঁদে,
বাহুলতা ঘিরে ধরে
মাধুরীলতার মতো,
মোহ যদি সুখদায়ী,
মোহে তবে কি বা ক্ষতি?
আলোকিত যদি হয়
চিত্তপটে আঁকা লিপি।
৬:
কখনো স্বপ্নের ঘোরে
বুঝে পাবে অনুভবে
তীব্র প্রেম ঘিরে আসে
আসঙ্গসুখের পথে,
দেহপট শিল্প হলে
ছবি আঁকে দেহসুখে,
হঠাৎ নেশার ঝোঁকে
ভেসে যাও স্বর্গসুখে

No comments:

Post a Comment