Monday, 2 January 2017


অনেকদিনের পরে যখন দেখা হল
আকাশ ভেঙ্গে তেমনই আবার বৃষ্টি এল।
চোখের তলায় কাজলরেখা আগের মতন,
শুধু
ভুরুর বাঁকে প্রশ্ন কিছু
যা ছিল না এমনি তখন।
আগের মতই দীপ্তিময়ী
আগের মতই চাউনি তোমার
আগুন ঝরায় যখন তখন।
বৃষ্টি এখন থামবে নাতো
অমরাবতীর আকাশ জুড়ে মেঘের নাচন!
এক নিমেষে সময় ভ্রমন.........

পিছিয়ে গেলাম তিনটি দশক।
পাড়ার মোড়ে দাঁড়িয়ে থেকে
অনেকটা সেই অকারনেই তাকিয়ে থাকা
তুমি যাবে কখন??

'তুমি কেমন আছ?'
এমনি কোনো প্রশ্ন করে হয়কি শুরু নতুন করে আবার কোনো
কথোপকথন??

তোমার কোনো দোষ ছিলনা
আমিই ছিলাম মন্দচলন।
লোক বলেছে কত কথা
কত মন্দ গল্পগাঁথা।
আমি ভাবিনি তো ভাববে তুমি সত্যি ব'লে!
ভেবেছিলাম ফেলবে ছুঁড়ে অবহেলে
যত গল্প গুজব মন্দকথা
যত প্রেমকাহিনী ভালোবাসা......

মেয়েগুলো সব পাগল হ'ল
মেয়েগুলো সব অধীর হ'ল
ভেবেছিল ছোট্ট শহর
গুজব ছড়ায় খুব সহজে ;
তাতে মন্দমতি বলেই যদি হারিয়ে ফেলি
সেই তোমাকেই!!
তুমি সত্যি বলে মোহর দিলে
যা মিথ্যা ছিল জলের মতো।

আমি তীব্র ক্রোধে পাগল ছিলাম
তোমার থেকে দূরে গিয়ে
একেলা এই জীবনটা বেশ কাটিয়ে দিলাম,
এই জীবনে সত্যি আমি মন্দমতি
নারীভুলানো পুরুষ হলাম।
আফশোস খুউব এই জীবনে নষ্ট হলাম....!!

বলছো কি হায়!!
বসবে কোথাও
কথা আছে।
বলতে কি চাও?
অনেক বছর পেরিয়ে এসে
পুরনো সেই দিনের হিসেব আবার খুলতে
কি চাও??

উহু!
আমার সময় তো নেই
দুঃখপ্রকাশ অনুতাপের গল্প শোনার !
যা গেছে তা অনেক আগে
মুছেই গেছে স্মৃতি থেকে.....
ভালোবাসার গল্প??!!
ওসবে কাজ নেই আর।
তার চেয়ে এই মন্দছেলের সাথে গিয়ে
'কি পাইনি'র
গল্প ছেড়ে
'কি পেয়েছি'র গল্প তোমায় শোনাই চলো।

তুমি যখন চলে গেলে
ঋতুটা কি ছিল তাতো
নেই মনে আর
তবু হয় যে মনে__
রুক্ষ্ম ছিল শুকনো ছিল।
ফুলগুলোতে সুবাস কোথায়?!!
মাথার ওপর জ্বলানো রোদ
শরীর জুড়ে অস্হিরতা
কোথাও একটু বসতে গেলেও
তোমার মুখই মনে হতো।

এমনি দিনে সেই যে এল
বৃষ্টি যেমন ঝেঁপে আসে
তেমনি করে মনের মাঝে
উঠলো ফুটে ফুলের মতো
কথার ঝুরি নামলো মনে
শিকড় ছুঁয়ে বাঁধলো বাসা
আমার প্রিয়, আমারই প্রেম
আমার শরীর আমার শোণিত
দখল করে জন্ম নিল
আমার প্রিয়
সব কবিতা।
যারা রোজ পাল্টায় প্রেমের মত।
নষ্ট আমি হয়েছি যে
তাদের সাথে
অহর্নিশ ই !!
আরও হবো।

No comments:

Post a Comment