Tuesday, 3 January 2017


সখা:২

কখন তুমি নেমে এলে পথে,
দেয়াল তুমি কখন ভেঙ্গে ফেলো,
চাঁদের আলো আসছে
কেমন দেখো !
ফিরে আসা্র গান কি
লেখা হলো ?
সিঁড়ির নীচে জমে অনেক স্মৃতি,
জমে থাকা অনেক বই আর খাতা,
ওইখানেতে অনেকজনে বসে
একই সাথে কান্না হাসি কথা,
মনে আছে তোমার সেদিনগুলি?
সেসব কথা একটু যদি বলো।
একটু যখন চাইতে শিখি
একটুখানি চেয়েছিলাম আলো,
ঝলসানো চোখ হতেই হবে
এমনকিছু ভাবিনি তো,
স্বপ্নে ছিল একটু অমল ভালো,
তোমার পায়ের পায়েল যদি
বেজেইছিলো,
কোথায় যেন বেসুর ছিলো,
একটা দুটো চিঠির পরে
লেখার খাতা নিপাট সাদা,
আমার প্রদীপ বুঁজিয়ে দিয়ে
অন‍্য কোথায় প্রদীপ তুমি জ্বালো।
কিন্তু তুমি বন্ধু ছিলে
সবচেয়ে যে বড়
জীবনরেখায় যখন যেমন বিপদ
এলো,
আঁধার ই হোক আলোক ই হোক
কোমল মুঠোয় সখার হাতে
হাত রেখেছো
আমার কাছে জীবনভরে
জ্বলতে থাকা আকাশপ্রদীপ তুমি,
অমল তোমার আলো।
ভালো যদি একটুকু চাই কারো,
সবটুকু তার তোমায় দিলাম
আকাশপ্রদীপ হয়ে ই তুমি জ্বলো।
সখা হয়ে রইবো তোমার
নরম কঠিন বিশাল উদার,
বকুলগন্ধে মাতাবো মন,
সেই হবে বেশ ভালো।

No comments:

Post a Comment