কনিকাগুচ্ছ৩:
১:
বজ্রাঘাতে সপ্তাশ্ব দীর্ণ
পবনাঘাতে চূর্ণ ইন্দ্র
ভগীরথের শঙ্খ বাজছে
লোহিতগঙ্গায় নৌকা ভাসছে।
গঙ্গাহৃদয় উৎসবমত্ত
তাম্রলিপ্ত আলোকদীপ্ত।
২:
অভিমন্যু ভাঙ্গছে চক্রব্যূহ
অভিমন্যু দেখ অবরুদ্ধ
অভিমন্যু দেখ আক্রান্ত
অভিমন্যু দেখ রণক্লান্ত
অভিমন্যু তোমায় কেউ ফেরাবে না
মৃত্যু তোমার অমোঘ অনিবার্য
৩:
কর্ণ তুমি দেবজাত
নির্দয় অর্কপ্রভ পিতা,
মাতা রাজকন্যা
স্বার্থপর পৃথা।
ভাগ্য নিদারুন,
জন্মকালে মা ছাড়ে
অভিশাপে রথচক্র মেদিনী গ্রাসিলে
রণক্ষেত্রে হত্যা করে সহোদর ভ্রাতা।
৪:
ঘটোৎকচ,
ভীমপুত্র হিড়িম্বাগর্ভজাত,
অবৈদিক কৃষ্ণবর্ণ অসংস্কৃত,
বৃথা ই চাইলে স্বীকৃত হতে
বাধা গাত্রবর্ণ,
পাও নাই পিতৃস্নেহ,
ফলত বলিপ্রদত্ত তুমি একাঘ্নীবাণে,
বধ্যভূমি কুরুক্ষেত্র।
৫:
শকুনি অপরাজেয়
দ্যূতক্রীড়াবিদ তুমি,
পিতা সহোদর অনাহারে
অবিচারে মৃত অন্ধকূপে,
প্রতিশোধকামী তুমি
ধ্বংস কর কুরুবংশ
পাশার কুশলী আগুনে।
No comments:
Post a Comment