ভালবেসেই :
দুহাত পেতে নিয়েছি কি?
নাকি ভালবেসেই প্রসারিত
তোমার দুহাত?
গন্ধরাজে মন ভরে নি
বকুল ই চাই
নাকি রাত পোহালে
ভোরে্র আলোয়
গাছে্র তলায়
শিউলিসুবাস?
তুমি এসেছিলে
বুঝিনি তো,
ছিল না তো কোন ই
আভাস,
তবু কোথায় কেন
অবহেলার ছন্দ ছিল,
একটু কি হায় বাতাস জুড়ে
চন্দনাভাস!
তুমি ফিরে গেলে কেমন করে,
কেন ই বা হায় মুখ ফে্রালে,
দীপ জ্বালাতে ভুলেছিলাম
চাইতে তোমায় ভুলিনি তো,
বাড়িয়ে দেওয়া হাত দেখিনি
ধরার কথা যদিও ছিল;
তুমি একটু যদি সরব হোতে
একটু যদি বিঁধতে আমায়
হয়তো আমার অহং ভেঙ্গে
তোমায় কাছে টেনে নিতাম।
ভুল হতো না কোন ই আমার
হাতে্র পরে রাখতে যে হাত।
জানি ভালবেসেই বাড়িয়েছিলে
তোমার দুহাত,
গন্ধরাজ আর বকুলে তো মন ভরেনি,
চেয়েছিলে অন্যকিছু,
ভোরবেলাতে
শিউলিফুলের
স্নিগ্ধ সুবাস।
No comments:
Post a Comment