আকাশ প্রণত কেন?
অসময় আগত বলে?
সহজ গাছের দল সরল
কেন যে?
ঝুঁকে থাকা গাছ দ্যাখে
শুধু কি করুণাবশে?
আকাশের ছায়া কেন
নেমেছে বনের মাঝে?
ভাবনা গতির জোরে
হাওয়াকে হারায় হেসে,
কুটিলতা সহজাত
ভাবনার বাঁকে বাঁকে।
ঐতো হিসেবী হাওয়া
বেসামাল ঘূ্র্ণিতে,
হঠাৎ আছড়ে পড়ে
সহজ সবুজ ঝোঁকে।
একটি চিঠি কি আসে
হাওয়ায় হাওয়ায় ভেসে,
ডাকঘর বহুদূরে
কতযুগ কেটেছে যে!
অমল এখনো জেগে
চিঠি তো আসেনি হাতে
যেতে পারি বহুদূরে
বুঝি না
কেন বা যাবো!
কেই বা বলেছে যেতে?
হাতে্র উপরে হাত
কবেই রেখেছি পেতে।
কিশোরী নদীর বুকে
যুবক বটের ছায়া
নিবিড় হয়েছে আশা
কতো জল বয়ে গেছে।
তবু কি বুঝেছি আমি
ধূসর ছায়ার মতো
বনরেখা মিশে যায়
দিগন্ত সবুজ ই থাকে।
আকাশ সুনীল তুমি
বন তুমি ছায়াময়
কেন তবু বৃক্ষজাত
আকাশে জায়ত নয়?
শরীরি প্রাণীর দল
একজোট চলমান,
নেমে এসো একসাথে
একটি ছবির মত
রেখাময় বর্ণমান।
একটু আমার ঠাঁই
হবে কি কোথাও কোনো?
কোন এক ছায়াকোনে
অতীব সন্তর্পণে।
শরীরি ছায়ার ঘ্রাণ
লেগে রবে অন্যমনে।
আকাশ প্রণত কেন?
সময় খেয়ালী বলে?
আকাশ প্রণত আজ
বনবাসী হবে বলে?
No comments:
Post a Comment