Sunday, 1 January 2017

তপ্ত চায়ে চুমুক দিয়েও মন ভরেনা
দার্জিলিং এর সুবাস কেন দেয়না ধরা
চিনেমাটির কাপের যাদু কোথায় গেল
প্লাস্টিক বা কাগজে
  সে দিশেহারা।
যতই তুমি মকাইবাড়ি
হ্যাপি ভ্যালির গল্প বলো
যতই তুমি চায়ের কাপে তুফান তোলো
তোমার সকাল আমার সকাল জড়িয়ে থাকে
তপ্ত চায়ে ডুবিয়ে খাওয়া
অ্যারারুটের গন্ধে ভরা ব্রিটানিয়া থিন।

অফিস গেলে অন্যরকম চায়ের কথা........
  চলবে তাতে?
সবকিছু তার গদ্যে লেখা মাপাজোকা
চা সে তো নয়
একটু এলাচ একটু মালাই
তিন ফুটে প্রায় গজের মাপে
ভানুবাবুর কমিক যেন
  ধানাইপানাই।

যখন বৃষ্টি পড়ে ঝরোঝরো
অফিস থেকে ঘরে ফিরে
চায়ের কাপে চুমুক দিতেই জমতো মজা!
ব্যোমকেশ বা লীলাদির ওই খেরোর খাতা
কিম্বা,
পাকদন্ডীর সরল প্যাঁচে
প্রেমেনবাবুর ঘনাদার ওই গোলোকধাঁধাঁ।

গল্পগুজব তুমুল লড়াই
রবিদার ওই দোকানঘরে
সামনে কেবল ধোঁয়াওঠা চায়ের কাপে।

সে চা-ও তো ছিল
ভাঙ্গা ডা‌‍টির
ছিলকা ওঠা
শক্ত করে আঁকড়ে থাকা
 ভাঙা কাপে..

আড্ডা যতই উঠতো জমে
আড়চোখেতে নজর ছিল রাস্তামুখি।
নইলে কখন চলেই যেতো
লম্বা বেনী ;
চিঠি দেওয়ার
চিঠি নেওয়ার
লেনদেনটা পিছিয়ে যেতো
তপ্ত চায়ের আবেশভরা
আরেকটি দিন
 অদর্শনে..!!
জুড়িয়ে যেতো।

No comments:

Post a Comment