আবার আমি নির্জনতায় ঝাপ দিয়েছি
অবাধ আকাশে মেঘের মায়ায়
কিছু ব্যাকুলতা স্পর্শ করেছি
কিছুটা কাঁধের ঝোলায়
কিছু পড়ে আছে মেঘের উপরে
কিছু রাখা আছে অতীব যতনে
স্মৃতির ছায়ায়।
কিছু মেঘ আসে মল্লার হয়ে
কিছু মেঘ জমে চোখের তারায়
কিছু মেঘ নামে ঘুমপাহাড়েতে
কিছু মেঘ কেন কুয়াশা হয়ে যে
হৃদয়ে ছড়ায়।
কিছু মেঘ কেন মেঘদূত হয়ে
যক্ষপ্রিয়ার সমীপে দাড়ায়
কিছু মেঘ জানি জল হয়ে ঝরে
কিছু মেঘ কেন আকাশ ছেয়েছে
ছায়াবীথিময় আঁধার ঘনায়।
কিছু মেঘ ভাসে পাহাড়চূড়ায়
কিছু মেঘ যেন ঘন ছায়া হয়ে যায়
কিছু মেঘ নামে প্রাসাদমিনারে
কিছু মেঘ নামে মন্দিরময়।
কিছু মেঘ ঢাকে কুবেরপ্রাসাদ
আগলে রাখে যে যক্ষের ধন
কিছু মেঘ যেন অঝোরে ঝরায়
ভাসায় নদী প্রান্তর বন
কিছু মেঘ যেন তরণী দেখিলে
ঝড় হয়ে ছোঁয় সাগরের জল
মেঘে মেঘে আজ কত হলো বেলা
উপকূল ধরে সাগরের খেলা
চাঁদ বনিকের ময়ুরপঙ্খী
আয়োজন সারা ,তুলে দিল পাল
করজোড়ে চাঁদ প্রার্থনা করে
অভিযান যেন যায় না বিফলে।
সূর্য আজকে প্রকট হলেও
বাতাস আজিকে কিছুটা মাতাল
ভেসে যেতে হবে অনেকটা দূরে
লক্ষ্য রয়েছে দ্বীপ সিংহল।
কমলেকামিনী দরশন হলে
কে জানে কি আছে চাঁদের কপালে
হয়তো বা তরী ঠাঁই নেবে শেষে
অতল আঁধার সাগরের জলে
মেঘ তাই আজ অশ্রু ঝরাবে
দুফোঁটা সরস বরষার জলে।
ওহে চাঁদ চলো পাড়ি দিই
ময়ুরপঙ্খী চলো ভাসাই
সুনীল জলধি পেরিয়ে
ওই দূর পানে।
No comments:
Post a Comment