Tuesday, 3 January 2017


কল্পনা১

সপ্তাশ্ববাহিত রথে
দেব প্রভাকর উদিত হলেন,
অমানিশা অতিবাহিত হয়েছে
,শুক্লপক্ষের সূচনা,
অমেয় বসন্তকাল।
উর্দ্ধে নীলাকাশে
অর্কদেবের দৃষ্টি নিবদ্ধ হয়,
ক্রীড়াচ্ছলে তিনি সপ্তাশ্বকে
উর্দ্ধগামী হওয়ার নির্দেশ দিলেন।
আকাশ মেঘময়,
কৃষ্ণবর্ণ,মধুময়,পুন্ঞ্জীভূত-
সূ্র্যরথে্র দৃষ্টি আচ্ছন্ন হল,
গতি হল মন্দ।
সূর্যদেব রুষ্ট ব্যথিত হন,
ভাবেন এরা কি দিনমনির গতি
রূদ্ধ করবে!
সক্রোধে তিনি পর্জণ্যদেবকে
বার্তা দেন,
"হে পর্জণ্যদেব-আমার দৃষ্টি আচ্ছন্ন,
গতি মন্দ,প্রায় রূদ্ধ।
আপনি এই মেঘপুন্ঞ্জকে সংহার করুন।
আমার পরিক্রমাপথকে নির্বিঘ্ন করুন।"
পর্জণ্যদেব বিনয়ের সাথে নিবেদন করেন-
"হে দেব প্রভাকর,এরা নিতান্তই মেঘবালক
মেঘবালিকার দল।
সংহারযোগ্য নয়।
আপনি ওদের মার্জনা করুন।
আমি আপনার দৃষ্টিপথের বিঘ্ন
দূর করছি।
আপনি গতিমান হোন।"
সেই কথা শুনে সমস্ত মেঘবালক
মেঘবালিকার দল উল্লাসে কৌতুকে
মত্ত হয়ে উঠলো।
নতজানু হয়ে করজোড়ে তারা
সূর্যদেবের ও পর্জণ্যদেবের বন্দনায় মুখর হলো।
দেব প্রভাকর তুষ্ট হলেন
তুষ্ট হলেন মেঘদেবতা,
তার আশীর্বাদে কৃষ্ণবর্ণ কৃষ্ণবর্ণা
মেঘবালক মেঘবালিকার দল
আঁধারবর্ণ মধুময়পুন্ঞ্জ হতে
শুভ্রবর্ণ ধারণ করলো।
আচ্ছন্নদৃষ্টি পরিষ্কার হতে প্রসন্ন অর্কদেব
দ্রুত গতিতে রথচালনা করে
মধ্যাহ্ন আকাশের অভিমুখে
ধাবমান হলেন।
পর্জণ্যদেব সস্নেহে মেঘবালক মেঘবালিকাদের
তিরষ্কার করলেন,বললেন"যাও ,উত্তরমেঘের
বর্ষার আয়োজন করো!
বসন্ত জাগ্রত দ্বারে।"

No comments:

Post a Comment