ছড়ানো ছাদের নীচে
পলেস্তারা লেগে থাকে,
অবুঝ মনের গায়ে বিষণ্ন
স্মৃতির মত,
যেন
শায়িত দেহের পরে সফেদ
চাদর,
যেন মরে যাওয়া স্মৃতি ভেসে
আছে অপ্রসন্ন সমাধির পরে,
ভেসে আছে দুঃস্বপ্নের মত
প্রণয়ী দয়িত কিবা সন্তানের
হাহাকারে,ভাবি
যা কিছু হারাই মোরা
বিরহমরণকালে,
ধরা কি পড়ে না তাতে
অকুন্ঠ আকাঙ্খা যতো,
যা না পেয়েছে রূপ
দেহরেখা বলে কিছু,
ধোঁয়াশায় ঢেকে থাকা
মোহন মরণজালে,
কিছু স্মৃতি জেগে থাকে
কিছু স্মৃতি ডুবে যায় বিস্মরণে,
শতাব্দীপ্রাচীন স্মৃতি ইতিহাস বলে
নামাবলী পরে,
বিষন্নবিষাদ হয়ে ভেসে থাকে
নগরের আনাচেকানাচে,
কখনো বা লোকমুখে গাথা,
কখনো বা চারণকবিতা,
কখনো বা গান হয়ে বেঁচে থাকে,
কখনো বা লোককথা কিংবদন্তী
হয়ে
স্মৃতিচারণার ছায়ায় ছায়ায়,
এ কোথায় ফিরে আসি আমি
বিস্মরণ বিস্ফোরিত কেন হায়!
No comments:
Post a Comment