ভেতরে ভেতরে অনেক পেয়েছি
নীলাকাশ,
কখনো সেখানে জ্যোৎস্না দেখেছি
কখনো দেখেছি ঝড়ের আভাস;
কখনো দেখেছি হেমন্তবায়ুতে
শ্বাস নিতে গিয়ে,
মিলেছে কেমন বানভাসি হয়ে
জ্যোৎস্নাপ্লাবনে ,
তোমার আকাশ আমার আকাশ।
দ্বিধামুখ এই জীবন কখনো
দুইদিকে ধায়,
কোন দিকে তার যাওয়া হয় না তো,
সঙ্গমে এসে দ্বিধায় জড়িয়ে
পথ হারায়।
অতীত কেমন অবুঝ অনড়,
ফিরে আসবার জায়গা রাখেনা,
ডানা তুমি কেন যতো ঝাপটাও,
সুযোগ পাবেনা সংশোধনের,
কোন পথ নেই সব মুছে ফেলে
আকাশে ওড়ার।
যদি না কখনো পথ খুঁজে পাও
সময়সরণী ধরে
হঠাৎ ফিরে চলার।
No comments:
Post a Comment